ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন থামানো হবে, সে বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি নিউজ।
রোববার (৮ মার্চ) ট্রাম্প বলেন, “এই যুদ্ধ শেষ করার ক্ষেত্রে নেতানিয়াহুর মতামত নেওয়া হবে। আমি মনে করি এটি পারস্পরিক বিষয়। সঠিক সময়ে আমরা সিদ্ধান্ত নেব।”
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। সোমবার (৯ মার্চ) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সোমবার সকালে এশিয়ার বাজারে কেনাবেচা শুরু হওয়ার পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। এই পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে বলে বিশ্লেষকদের মত।

