পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকার জাহাজে ইরানের হামলা
ছবিঃ সংগৃহীত

নিষেধাজ্ঞা সত্ত্বেও যাতায়াতের রুট হিসেবে হরমুজ প্রণালী ব্যবহার করায় পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস  (আইআরজিসি)।


সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসি। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ট্যাংকার জাহাজটির নাম প্রিমা। তবে এটি কোন দেশের জাহাজ, সে তথ্য প্রকাশ করেনি তারা।


বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ এবং তাদের মিত্রদের জাহাজ চলাচল না করতে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রিমা নামের ট্যাংকারটি সেই সতর্কবার্তা উপেক্ষা করায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।


আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যে পরিমাণ তেল ও তরল গ্যাস পরিবহন করা হয়, তার প্রায় ২০ শতাংশই এই প্রণালী দিয়ে যায়।


মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির প্রধান পথ হওয়ায় হরমুজ প্রণালীকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ও বলা হয়।


গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই এই প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজকে সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। একই সঙ্গে কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।


ব্রিটিশ সংস্থা  ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালী এলাকায় অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।