সৌদির তেলের খনি লক্ষ্য করে  ড্রোন হা’মলা করলো ইরান
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ড্রোনগুলো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।


এছাড়া সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে। সৌদি এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকেও ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।


শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, “শায়েবাহ তেলখনি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল, তবে তা ব্যর্থ করে দেওয়া হয়েছে। মোট ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।”


একই বিবৃতিতে আরও বলা হয়, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।


এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।


পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান অপারেশন এপিক ফারি শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে আলাদা সামরিক অভিযান চালায়।


এর পাল্টা জবাব হিসেবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।