সুর পাল্টে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের বার্তা দিলেন ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের শুরুতে স্বল্প সময়ের মধ্যে শেষ করার আভাস দিলেও, এখন তিনি জানিয়েছেন যে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী ‘টাইম’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেন, তার সামনে এখন কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। অভিযানের পরদিন ১ মার্চ ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি আশা করছেন আগামী চার সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে। তবে এর পরদিনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ জানান, যুদ্ধ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এবার স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প তার আগের অবস্থান বদলে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন।


সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের প্রধান চারটি লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। আর চতুর্থ লক্ষ্য হলো, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না।"


ইরানে এই অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কোনো হামলা হতে পারে কি-না এবং সাধারণ মার্কিনিদের উদ্বিগ্ন হওয়া উচিত কি-না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, "আমার মনে হয় তাদের উদ্বিগ্ন হওয়া উচিত। তবে আমি এও মনে করি যে মার্কিনিরা সবসময়েই এই উদ্বেগের মধ্যে থাকে।"


যৌথ এই অভিযানে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সেনাসদস্যদের এই প্রাণহানিকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, "যুদ্ধে কিছু মানুষ নিহত হবেই। আপনি যখন যুদ্ধে যাবেন, এটি এড়ানো সম্ভব নয়।"