তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলের হামলা
ছবিঃ সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ বিমানবন্দর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কয়েকটি ভিডিওতে একের পর এক বিস্ফোরণের পর বিশাল আগুনের গোলা তৈরি হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


শুক্রবার প্রকাশিত স্যাটেলাইট চিত্রে মেহরাবাদ বিমানবন্দরে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল। এই বিমানবন্দরটি ইরানের অন্যতম ব্যস্ত অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে পরিচিত।


এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা দেয় যে, তারা তেহরানে বড় ধরনের হামলা চালাচ্ছে। সংস্থাটির দাবি, ইরান সরকারের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে তাদের বিমানবাহিনী রাজধানীতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে যে, মেহরাবাদ বিমানবন্দরের কিছু অংশে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী ইরানে নতুন দফায় ব্যাপক বিমান হামলা শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই এই হামলার খবর সামনে আসে।