ইরানে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আজ রাতেই ইরানের ওপর এযাবৎকালের ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ’ চালাবে যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, আজ রাতে ইরানের ওপর “আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি” পরিচালনা করা হবে।
তিনি জানান, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
বেসেন্ট বলেন, “আমরা এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।”
সাক্ষাৎকারে তিনি ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা’র অভিযোগও তোলেন। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।

