যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আরও ছয় মাস ‘তীব্র লড়াই’ চালিয়ে যাওয়ার মতো রসদ, লোকবল ও সামর্থ্য রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখাইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহম্মদ নাইনি এ দাবি করেন।
গতকাল শনিবার ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমানে যে গতিতে আমরা যুদ্ধ পরিচালনা করছি, সেই গতি বজায় রেখে আরও ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে পারব। সেই পরিমাণ রসদ, লোকবল ও সামর্থ্য আমাদের রয়েছে।”
আইআরজিসির এই মুখপাত্র জানান, যুদ্ধের গত সাত দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই শতাধিক সামরিক স্থাপনায় আইআরজিসি এবং ইরানের নিয়মিত প্রতিরক্ষা বাহিনী হামলা চালিয়েছে।
এর আগে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে কোনো ধরনের সমঝোতা ছাড়াই ২৭ ফেব্রুয়ারি সেই আলোচনা শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।
এসব হামলার জবাবে ইরান দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে।

