ইরানে স্থল সেনা পাঠাতে, ভালো কারণ খুঁজছে যুক্তরাষ্ট্র
ছবিঃ সংগৃহীত

যত দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরানে তারা স্থল সেনা পাঠাতে পারেন। তবে সেনা পাঠানোর জন্য অবশ্যই ভালো কারণ লাগবে। 


রোববার নিজের সরকারি বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই শক্তিশালী ও যথেষ্ট কারণ থাকতে হবে। ট্রাম্প বলেন, “ইরানে সেনা পাঠানো হতে পারে। তবে এর জন্য ভালো কারণ লাগবে। আমি এ বিষয়ে এখন বিস্তারিত বলতে চাই না। সেনা কি পাঠানো হতে পারে? হ্যাঁ, হতে পারে। কিন্তু তার জন্য খুবই ভালো কারণ থাকতে হবে।”


তিনি আরও জানান, যদি কখনো যুক্তরাষ্ট্র ইরানে স্থল সেনা পাঠায়, তার আগে ইরানের সামরিক সক্ষমতাকে এমনভাবে দুর্বল করে দেওয়া হবে যেন তারা স্থলযুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে না পারে।


তবে এই মুহূর্তে ইরানে স্থল সেনা পাঠানোর কোনো চূড়ান্ত পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম জব্দ করার জন্য স্থল সেনা পাঠানোর সম্ভাবনা রয়েছে কি না। জবাবে তিনি বলেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে এবং অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা বাড়ছে।