আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) সীমিত করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বিকাশ, নগদ, রকেটে দৈনিক সর্বোচ্চ ১ হাজার টাকা পিটুপি লেনদেন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে দেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক প্রধানের কার্যালয়ের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পিটুপি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ দৈনিক সীমা ও সংখ্যা হবে যথাক্রমে ১ হাজার টাকা ও ১০টি; মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। এছাড়া অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন বর্ণিত সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে যাতে টাকার ব্যবহার না করা যায়, এ জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই পরিকল্পনা করছে, যা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

