কুড়িগ্রামের প্রতিটি মোড়ে মোবাইল নম্বর টানি‌য়ে রাখব: ড. আতিক মুজাহিদ
ছবিঃ বিপ্লবী বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।


শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পোদ্দারপাড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর-রাজারহাট ও ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জনসভায় উপস্থিত ভোটাররা অভিযোগ করেন, অতীতে এমপিরা শুধু নির্বাচনের সময়ই দেখা মিলেছে, এরপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। এ অভিযোগের জবাবে ড. আতিক মুজাহিদ বলেন, “আমি আপনাদের ভালো সন্তান হতে চাই, আপনারা যেন যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এজন্য আমি কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখব।”


তিনি আরও বলেন, একটি দল কার্ডের লোভ দেখিয়ে অপরাজনীতি চালাচ্ছে। আমরা কার্ডের রাজনীতি বন্ধ করব এবং কুড়িগ্রামকে একটি কর্মমুখর জেলা বানাবো। স্বাস্থ্যখাতের বিষয়ে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রামে ডাক্তাররা এখানে থাকতে চায় না, ঢাকায় বদলির জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরেন। আমরা এই সিস্টেম বন্ধ করব এবং উল্টো আরও ভালো ডাক্তার কুড়িগ্রামে নিয়ে আসব।


সমাবেশে রাজারহাটের স্থানীয় জোট সঙ্গীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. কফিল উদ্দিনসহ এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।