পোস্টাল ব্যালট ভোটে কিউআর স্ক্যান ও খাম জমার শেষ সময় ১০ ফেব্রুয়ারি
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে অংশগ্রহণকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় কিউআর কোড স্ক্যান এবং ব্যালট পেপার সংবলিত খাম ডাকঘরে জমা দিতে হবে।


রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ নির্দেশনা দেয়।


ইসি জানায়, পোস্টাল ভোটে নিবন্ধন করা যেসব ভোটার এখনও তাদের খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে। স্বচ্ছতা ও নির্ভুল ভোটগণনা নিশ্চিত করতে ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়াটি বাধ্যতামূলক করা হয়েছে।


এদিকে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা দেশে অবস্থানরত ভোটারদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যালট পেপার হাতে পাওয়ার পর দ্রুত ভোট প্রদান করতে হবে এবং ভোট দেওয়া শেষে ব্যালট সংবলিত হলুদ খাম নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। খাম জমার শেষ তারিখও ১০ ফেব্রুয়ারি।


নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়ের মধ্যে ডাকঘরে খাম জমা দিলে তা সময়মতো রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো নিশ্চিত হবে। বিলম্ব হলে সংশ্লিষ্ট ব্যালট গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার ঝুঁকি রয়েছে।


জাতীয় দায়িত্ব পালনে সব পোস্টাল ভোটারকে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ইসি।