বড় হামলার পূর্বাভাস, জনসাধারণকে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়ার নির্দেশ আইআরজিসি'র
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি সাধারণ জনগণকে মার্কিন সামরিক ঘাঁটির আশপাশের এলাকা দ্রুত ত্যাগ করার আহ্বান জানিয়েছে।


এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, যেখানেই মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেখানেই তাদের ওপর হামলা চালানো ‘পবিত্র দায়িত্ব’ হিসেবে বিবেচনা করা হবে।


আইআরজিসির জনসংযোগ শাখা সতর্ক করে জানায়, “যেসব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেসব এলাকা আপনারা অবিলম্বে খালি করুন, যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার না হন।”


এই ঘোষণাকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হলে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই সতর্কবার্তার ফলে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।