মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একদিকে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে আরও সামরিক বিকল্প বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রায় ১০ হাজার স্থলসেনা পাঠানোর পরিকল্পনা বিবেচনায় রয়েছে পেন্টাগনের। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য এই বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকতে পারে।
এর আগে ওয়াশিংটন ইতোমধ্যে মার্কিন বাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা এবং প্রায় ২ হাজার প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন নতুন করে আরও সেনা মোতায়েনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, একদিকে যখন ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা উন্মুক্ত রাখছে, তখন একইসঙ্গে সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক প্রস্তুতির মধ্যে একটি দ্বৈত কৌশল স্পষ্ট হয়ে উঠছে।

