যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালী ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে না। ন্যাটোর সদস্যরাষ্ট্ররা যদি সহযোগিতা না করলেও, অল্প সময়ের মধ্যেই প্রণালীকে ইরানের অবরোধ থেকে উদ্ধার করা সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলে প্রচণ্ড হামলা চালাচ্ছি। মূলত উপকূল এবং জলভাগ নিয়েই এই অভিযান। এতে খুব বেশি সময় লাগবে না।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালীতে ইরান অবরোধ আরোপ করে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়—হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদেশগুলোর জাহাজ চললে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ দিনে হরমুজ প্রণালিতে ১২টির বেশি জাহাজে হামলা হয়েছে।
নিরাপত্তা সংকটের কারণে হরমুজ দিয়ে জাহাজ চলাচল কমেছে এবং এর ফলে জ্বালানি তেলের বাজারমূল্য বেড়েছে। হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কয়েক দিন আগে ট্রাম্প মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর আহ্বান জানান। তবে ন্যাটোর মিত্ররা তা প্রত্যাখ্যান করে।
তবে ট্রাম্প জানিয়েছেন, ইউরোপ এবং এশীয় মিত্ররা সাড়া না দিলেও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো সহযোগিতা করেছে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইসরায়েল অসাধারণ। ইতোমধ্যেই তারা আমাদের প্রচণ্ড সহযোগিতা করেছে।”
উল্লেখ্য, হরমুজ প্রণালী সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে সক্রিয় অংশ নেওয়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল মঙ্গলবার হরমুজ প্রণালির তীরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) ব্যাপক বোমাবর্ষণ চালায়। এতে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

