ইরানে যুদ্ধ এবং তার প্রভাবিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিজেদের জাতীয় দিবস উদযাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সালের ২৩ মার্চ প্রথম সংবিধান গ্রহণ করে। সেই থেকে প্রতিবছর ২৩ মার্চ জাতীয় দিবস পালন করা হয়। প্রতি বছর এই দিনটি উদযাপন উপলক্ষে ইসলামাবাদে সামরিক কুচকাওয়াচ ও নানা আড়ম্বরপূর্ণ আয়োজন করা হয়। তবে এ বছর এসব আয়োজন হবে না।
প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “ইরানে যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ অনিয়মিত হওয়ার কারণে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে চলতি বছর জাতীয় দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের জাতীয় দিবস উদযাপন কেবল পতাকা উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল দেশগুলো জ্বালানি সরবরাহে সমস্যায় পড়েছে। ইতোমধ্যে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সাধারণ ভোক্তাদের জন্য জ্বালানি তেলের দাম ২০ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি, সাপ্তাহিক কর্মদিবস চার দিনে সীমিত করা, বাড়ি থেকে কাজ করা উৎসাহিত করা, এবং স্কুল-কলেজ বন্ধ রাখার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।

