যুদ্ধের খবর পছন্দ না হলে মিডিয়ার লাইসেন্স বাতিলের হুশিয়ারি ট্রাম্প প্রশাসনের
ছবিঃ সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সরকার ও গণমাধ্যমের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার প্রধান ব্র্যান্ডেন কার সতর্ক করে বলেছেন, যুদ্ধের খবর প্রচারের ক্ষেত্রে গুজব বা বিকৃত তথ্য প্রকাশ করা হলে সম্প্রচারমাধ্যমগুলোর লাইসেন্স ঝুঁকির মুখে পড়তে পারে।


শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এর প্রশাসন ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা আশা করে। তার ভাষায়, “ইরান যুদ্ধের খবর প্রচারের সময় গুজব ও বিকৃত তথ্য থেকে বিরত থাকতে হবে। সম্প্রচারমাধ্যমগুলোকে জনস্বার্থে কাজ করতে হবে, না হলে তাদের লাইসেন্স হারানোর ঝুঁকি রয়েছে।”


তিনি আরও বলেন, যেসব সম্প্রচারমাধ্যম ইতোমধ্যে ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে বলে অভিযোগ উঠেছে, তারা লাইসেন্স নবায়নের আগে নিজেদের সংশোধনের সুযোগ পাচ্ছে।


তবে এ বক্তব্যের পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই মন্তব্যকে “স্পষ্টতই সংবিধানবিরোধী” বলে আখ্যা দেন। সমালোচকদের মতে, সংবাদ পরিবেশনের কারণে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রের মতপ্রকাশের স্বাধীনতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।


হাওয়াইয়ের সিনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এ ধরনের বার্তা মূলত ইঙ্গিত দেয় যে যুদ্ধ নিয়ে ইতিবাচক কভারেজ না দিলে সম্প্রচার লাইসেন্স নবায়ন নাও হতে পারে। তার মতে, এটি সংবাদমাধ্যমকে বলে দেওয়ার চেষ্টা—যুদ্ধ কীভাবে কাভার করতে হবে।


উল্লেখ্য, এর আগেও ব্র্যান্ডেন কার ট্রাম্প প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগে সমালোচিত হয়েছিলেন। গত বছর কমেডিয়ান জিমি কিমেলের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা সম্প্রচার করায় তিনি এবিসি চ্যানেলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।