ইরান যু'দ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত এর পুলিশ। গতকাল রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। রোববার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস এর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফরমগুলোতে কঠোর নজরদারির পর তাদের আটক করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।


অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে— এমন কৃত্রিম তথ্য ও ভিডিও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফরমগুলোতে নজরদারি জোরদার করার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।


তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও আপলোড করতেন। সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক স্থিতিশীলতাই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।


উল্লেখ্য, আমিরাতে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইনে এ অপরাধ প্রমাণিত হলে কমপক্ষে এক বছর কারাদণ্ড এবং এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।


গ্রেপ্তারদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজ এজেন্সি।