বিপ্লবী বার্তা
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহের নান্দাইলে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে নান্দাইলের উদ্দেশ্যে রওনা হন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ডাকবাংলোয় গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরের প্রথম দিনে প্রতিমন্ত্রী নান্দাইল প্রেসক্লাব, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা হাসপাতাল ও বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিকেলে আশরাফ চৌধুরী কামিল মাদ্রাসায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
সফরের শেষ দিন (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ময়মনসিংহ প্রেসক্লাব পরিদর্শন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সভায় মিলিত হবেন। সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং মসজিদে তারাবি নামাজের পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
সফরকালে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নান্দাইল ও ময়মনসিংহে তার সফরকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

