বিপ্লবী বার্তা
জামালপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আবু নাছের মোঃ শফিউল্লাহ। যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে তিনটি কাপড়ের শোরুমে মূল্য তালিকা ও অন্যান্য অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। এর মধ্যে আমব্রেলা শোরুমকে ১০ হাজার টাকা, মনে রেখো শোরুমকে ৩ হাজার টাকা এবং সেলফ শোরুমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একটি মুদি দোকানে নকল Pran-RFL Group-এর পণ্য বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, এক হলুদের দোকানে রং মেশানোর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম বলেমন, পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।

