বিপ্লবী বার্তা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে জীবননগর থানাধীন পুরন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউর রহমান (৪৫), কক্সবাজার জেলার উখিয়া থানাধীন তেলখুলা গ্রামের সৈচাংইনপ চাকমার ছেলে রিপন চাকমা (৩০) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হরিখোলা গ্রামের মাইনের ছেলে মং দ্রিতাইন চাকমা (২৮)।
জীবননগর থানা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে পুরন্দপুর এলাকা থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি মো. সোলায়মান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও সরবরাহ চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

