সেহরির সময় গ্যাস বিস্ফোরণে মোহনগঞ্জের শিক্ষিকা পিংকির মর্মান্তিক মৃত্যু
বিপ্লবী বার্তা
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার এক স্কুলশিক্ষিকা সোনিয়া জান্নাত ওরফে পিংকি (৩০) সেহরির রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি মোহনগঞ্জ উপজেলার মামুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্বামীর চাকরির সুবাদে তিনি ঢাকায় বসবাস করতেন।


নিহত পিংকির বাবা শাহজাহান মিয়া। তার বাড়ি মোহনগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামে। স্বামী রুমান মিয়া (৩৫) খালিয়াজুরী উপজেলার বোয়ালী গ্রামের বাসিন্দা।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে (বুধবার সেহরির সময়) রাজধানীর রায়ের বাজার এলাকার ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। বাসার গ্যাস লাইনে লিকেজ ছিল বলে জানা যায়। সেহরির রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলে মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে পিংকি মারাত্মকভাবে দগ্ধ হন।


গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে দগ্ধ বড় বোনকে বাঁচাতে গিয়ে তার ছোট ভাই অপু (১৮) মারাত্মকভাবে আহত হন। তার হাত, পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তিনি একটি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


দুর্ঘটনার সময় বাসায় পিংকির স্বামী, আড়াই বছর বয়সী সন্তান সানাফ এবং ছোট ভাইসহ চারজন অবস্থান করছিলেন। স্বামী ও শিশু সন্তান অক্ষত রয়েছেন বলে জানা গেছে।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিহতের মরদেহ ঢাকা থেকে মোহনগঞ্জে নিয়ে আসা হয়। পরে মামুদপুর গ্রামে তার বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে জোহরের নামাজের পর দাফন সম্পন্ন করা হয়।


একজন শিক্ষিকার এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।