কানাডাকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল নিউজিল্যান্ড
ছবিঃ সংগৃহীত

কানাডার যুবরাজ সিং সামরার রেকর্ডগড়া সেঞ্চুরির পরও শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে কিউইরা। ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ আটে উঠল তারা।


চেন্নাইয়ে আগে ব্যাট করে আসরে নিজেদের সর্বোচ্চ ১৭৩ রান তোলে কানাডা (৪ উইকেট)। ওপেনিং জুটিতে ১১৬ রান যোগ করেন যুবরাজ ও দিলপ্রীত বাজওয়া। দিলপ্রীত ৩৬ রানে ফিরলেও যুবরাজ ৫৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কীর্তি গড়েন। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১১০ রান করে আউট হন তিনি। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া হয় কানাডার।


জবাবে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। চার বলের মধ্যে রানশূন্য অবস্থায় ফেরেন টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেন (২১)। সেখান থেকে রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিউইরা। রাচিন ৩৯ বলে ৫৯ ও ফিলিপস ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত থেকে ১৫.১ ওভারেই ১৭৬ রান তুলে দলকে জয় এনে দেন।