গাজীপুরের ৯৩৫ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী
ছবিঃ সংগৃহীত

রাত পোহালেই ভোট। এ উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার ৯৩৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীলসহ প্রয়োজনীয় সব নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে।


বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে সেনাবাহিনীর প্রহরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।


গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৩৫টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ১৭৩টি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নির্বাচন ঘিরে ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।