সেনবাগে জমি দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ছবিঃ বিপ্লবীবার্তা

নোয়াখালীর সেনবাগে জেলা পরিষদের মালিকানাধীন ইজারা নেওয়া জমি জবরদখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের বিরুদ্ধে । 


বুধবার  ( ১১ ফেব্রুয়ারি ) নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাহজাহান।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ শাহজাহান জানান, তিনি সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ প্রবাস জীবন শেষে  ছাতারপাইয়া-কানকিরহাট রাস্তার দক্ষিণ পাশে জেলা পরিষদের অধিগ্রহণকৃত সি.এস ১১ নং দাগের একটি অংশ (মোট ৪৪১ বর্গফুট) তিনি ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে নিয়মিত একসনা লীজ গ্রহণ করে আসছেন। গত ৩০ জুন ২০২৫ পর্যন্ত তিনি ইজারামূল্য পরিশোধ করেছেন এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য নবায়নের আবেদনও করেছেন। উক্ত জমিতে দোকান নির্মাণ করেই তিনি দীর্ঘকাল যাবৎ জীবিকা নির্বাহ করে আসছিলেন।


ভুক্তভোগী জানান, গত বর্ষা মৌসুমে সরকারি জনস্বার্থে খাল খনন করার সময় ওই স্থানের সব দোকানের সাথে তার দোকানটিও উচ্ছেদ করা হয়। এরপর জায়গাটি খালি অবস্থায় ছিল। কিন্তু গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রহমান ক্ষমতার দাপটে ওই ইজারা নেওয়া জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ শুরু করেন। বাধা প্রদান করা হলেও প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারের করে কাজ চালিয়ে যান।


সংবাদ সম্মেলনে মোঃ শাহজাহান বলেন, "আমি নিয়মিত সরকারি রাজস্ব প্রদান করে আসছি। জেলা পরিষদের জমি প্রয়োজনে সরকার নিবে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একজন ব্যক্তি কেন সরকারি জমি জবরদখল করবে? এই জমি আমার একমাত্র আয়ের উৎস। বর্তমানে আমি পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছি।"


তিনি আরও জানান, এই বিষয়ে প্রতিকার চেয়ে তিনি ইতোমধ্যে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং জেলা পরিষদের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছি ।


আমি এই সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে  প্রশাসনের কাছে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি জমি রক্ষা এবং আমার বৈধ অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।