হাতিয়ায় এনসিপির এজেন্টকে মারধর, বিশেষ অভিযানের দাবি হান্নান মাসউদের
ছবিঃ বিপ্লবীবার্তা

উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নির্বাচনী পরিস্থিতি। মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি)  রাত ১০টা ৪০ মিনিটে সময় হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের চম্পা ঘাট এলাকায় এনসিপির পোলিং এজেন্ট মো. ইসমাইলকে মারধরের ঘটনা ঘটেছে।


এ সময় উপজেলার বুড়িরচর ও সোনাদিয়া ইউনিয়নে এনসিপির প্রার্থী হান্নান মাসউদের কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও দোকানপাট লুটপাট অভিযোগ উঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের সমর্থক ছাত্রদল কর্মী ফারাবি ও ইয়াছিন আলি সুজন অতর্কিতভাবে এনসিপির পোলিং এজেন্ট মো. ইসমাইলকে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ডিসপেন্সারিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এর পর একাধিক বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। 


এ ঘটনায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, হাতিয়ার বুড়িরচর, সোনাদিয়া এবং চর ঈশ্বর ইউনিয়নে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষের ওপর তাণ্ডব চালাচ্ছে।


তিনি বলেন, "যারা মূলত আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, তারা এখন বিএনপির নাম ভাঙিয়ে 'ধানের শীষ' স্লোগান দিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, লুটতরাজ ও গুলিবর্ষণ করছে। হাতিয়ার মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।"


তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন, "বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের প্রত্যক্ষ মদদে এই সন্ত্রাসীরা এসব অপকর্ম করছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি।"


আবদুল হান্নান মাসউদ বলেন, "অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ভোটারদের জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।আগামীকালকের মধ্যে হাতিয়াকে সন্ত্রাসমুক্ত করতে 'বিশেষ অভিযান' পরিচালনা করতে হবে।"


ঘটনার পর থেকে এলাকায় কোস্টগার্ডের টহল টিম ও পুলিশের একটি টিম অবস্থান করছে।


এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, 'সামান্য হাতাহাতি ঘটছে। এ ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আমাদের পুলিশের একটি টিম ও কোস্ট গার্ডের একটি টিম গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কোন ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি।