তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগ
ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলের বাস নতুন তিনটি রুটে চালুর দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) এ স্মারকলিপি দেওয়া হয়।


স্মারকলিপিতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে ক্যাম্পাস থেকে ঢাকা, লাকসাম ও চৌদ্দগ্রাম রুটে বাস চালুর দাবি জানানো হয়।


আইসিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিফ বলেন, এই তিনটি রুটে বাস চালু দীর্ঘদিনের দাবি। লাকসাম ও চৌদ্দগ্রাম রুট চালু হলে ওই দিকের অনেক শিক্ষার্থী উপকৃত হবে, কারণ সেখান থেকে নিয়মিত যাতায়াত করতে হয়। তিনি আরও বলেন, ঢাকাগামী বাস চালু হলে প্রায় সব শিক্ষার্থীই উপকার পাবে, কারণ নানা প্রয়োজনে ঢাকায় যেতে হয়। এতে যাতায়াতের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন তিনি।


রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান বলেন, লাকসাম, চৌদ্দগ্রাম ও ঢাকা রুটে বাস চালুর জন্যই স্মারকলিপি দেওয়া হয়েছে। এসব রুট চালু হলে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীরা সুবিধা পাবে এবং ঢাকার বাসটি চালু হলে সব শিক্ষার্থীরই উপকার হবে। দ্রুত দাবি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।


শিক্ষার্থীরা জানান, নিরাপদ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে দ্রুত এসব রুটে বাস চালু করা প্রয়োজন।