বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠিকে হত্যার উদ্দেশ্যে তার মুম্বাইয়ের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। প্রাথমিক তদন্তে এই হামলার পেছনে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালানো হয়। তদন্তে উঠে এসেছে, রোহিত শেঠিকে হত্যার মূল ষড়যন্ত্র করেন গ্রেপ্তার হওয়া সমর্থ শিবসরণ ও পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার। শুভমের নির্দেশেই একটি স্কুটারে করে হামলাকারীরা পরিচালকের বাড়ির সামনে গিয়ে গুলি চালায়।
এ ঘটনায় আদিত্য জ্ঞানেশ্বর, আনন্দ মারোতে ও সিদ্ধার্থ দীপকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
হামলার পর সামাজিক মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে ঘটনাটিকে ‘ট্রেলার’ বলে উল্লেখ করে আরও হামলার হুমকি দেওয়া হয়। পোস্টে দাবি করা হয়, পরবর্তী হামলা আরও ভয়াবহ হতে পারে। পুরো বলিউডকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় রোহিত শেঠির নিরাপত্তারক্ষী থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, বলিউড তারকাদের লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার অভিযোগ নতুন নয়। এর আগে অভিনেতা সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এছাড়া গত বছর মুম্বাইয়ের রাজনীতিক বাবা সিদ্দিকী প্রকাশ্যে গুলিতে নিহত হন।
সাম্প্রতিক এই ঘটনার পর বলিউড অঙ্গনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

