ঢাকা-১১ আসনে গণসমর্থনে আতঙ্কিত হয়ে মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে, তবে এই অপচেষ্টা জনগণের রায় বদলাতে পারবে না।'
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। তিনি জানান, গত রবিবার রাতে ঢাকা-১১ আসনের ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে স্থাপিত তার নির্বাচনী বিলবোর্ডটি ছিঁড়ে ফেলা হয়েছে।
নাহিদ ইসলাম এই ঘটনাকে 'ন্যক্কারজনক' উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "গণজোয়ারে ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে একটি মাফিয়া গোষ্ঠী। যারা ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে রয়েছে। এই ধরনের কর্মকাণ্ডই প্রমাণ করে যে মাঠে আমার পক্ষে জনসমর্থন বাড়ছে এবং প্রতিপক্ষ সেই বাস্তবতা মেনে নিতে পারছে না।"
তিনি আরও মন্তব্য করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ভয় থেকেই প্রতিপক্ষ এখন সহিংসতা ও ভাঙচুরের পথ বেছে নিয়েছে।
নির্বাচনী আমেজ ও জনসমর্থন নিয়ে আশাবাদ ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, "আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ ব্যালটের মাধ্যমে এসব অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেবে। জনগণের রায়েই চূড়ান্তভাবে প্রমাণ হবে কার পক্ষে এই আসনের মানুষ রয়েছে।"

