খুলনার নির্বাচনি জনসভা মঞ্চে তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

খুলনায় বিএনপির বিশাল নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি সরাসরি জনসভামঞ্চে উপস্থিত হন। মঞ্চে ওঠার পর হাত নেড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


এর আগে বেলা সোয়া ১১টায় মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। জনসভাকে ঘিরে সকাল থেকেই খুলনা ও আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হন। ফলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।


জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।


সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা বক্তব্য রাখেন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরাও বক্তব্য দেন। বক্তারা দলকে ঐক্যবদ্ধ রেখে আসন্ন নির্বাচনের প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


এছাড়াও দলের গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।