নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ঘোষণা
ছবিঃ সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংক আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে বিশেষ ছুটি ঘোষণা করেছে।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকার কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করায় দেশের সকল তফসিলি ব্যাংকের কার্যক্রম ওই দুই দিন বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকিং লেনদেন পুরোপুরি বন্ধ থাকবে এবং সকল কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী ছুটিতে থাকবেন।


এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক নির্বাহী আদেশে এই দুই দিন সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।


এদিকে, জাতীয় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুবিধার্থে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শিল্পাঞ্চলের কর্মীরা ভোটের আগের দিন থেকেই ছুটির সুবিধা পাবেন, যাতে তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।


টানা দুদিন ব্যাংক বন্ধ থাকায় জরুরি লেনদেনগুলো ১০ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও এটিএম বুথ ও অনলাইন ব্যাংকিং সেবাগুলো সচল থাকবে বলে আশা করা হচ্ছে।