কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তি বহমুখী ব্যবহার এবং হিমাগারে গুনগত সংরক্ষন বিষয়ক কর্মশালা
ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে কুড়িগ্রামে আলু চাষিদের জন্য আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার এবং হিমাগারে আলুর গুণগত সংরক্ষণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


রোববার দুপুরে জেলার অভিনন্দন কনভেনশন সেন্টারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মো. মোকছেদুর রহমান। এ ছাড়া কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন কর্মশালায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।


কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লা আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


কর্মশালায় বক্তারা বাংলাদেশের আলু ফসলের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা হিমাগার শিল্পকে কৃষি শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান এবং আধুনিক ও যুগোপযোগী কোল্ড চেইন সেক্টর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আলু উৎপাদন বৃদ্ধি, হিমাগারে মানসম্মত সংরক্ষণ, সঠিক বাজারজাতকরণ, ব্যবস্থাপনা উন্নয়ন এবং আলু রপ্তানির সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।


কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার আলু চাষি, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।