কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রিহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিহান ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার ছোট ভাই আমিনুল ইসলাম সাজুর ছোট ছেলে। নিষ্পাপ শিশুটির অকাল মৃত্যুতে বাবা-মাসহ পরিবারের সব সদস্যরাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বর্তমানে ওই পরিবারসহ ওই এলাকার শোকের মাতম চলছে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে বাড়ির পিছনের একটি পুকুরে স্থানীয় জেলেরা মাছ জাল দিয়ে মাছ ধরে নিয়ে যান। পরিবারের সদস্যদের ধারনা সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটি হয়তো সকলের অজান্তে একাই পুকুর পাড়ে গিয়ে পা পিচলে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে সেখানে তার মর্মান্তিক মৃত্যু হয়।
সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটির বাবা-মা তার সন্তান বাড়িতে না থাকায় চাচা ও জ্যাটার বাড়িসহ এলাকার বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। এক পর্যায়ে বাড়ির পিছনে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটির নিথর দেহ পুকুরে ভেসে আছে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
বালাতাড়ি ওয়ার্ডের ইউপি মহির উদ্দিন শিশুটির পুকুরে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

