জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক: ‘আপত্তিকর’ পোস্টের ঘটনায় থানায় জিডি
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। হ্যাক করার পর ওই অ্যাকাউন্ট থেকে একটি ‘আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে দলটি।


দলীয় সূত্র ও জিডি সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ হারায় তার মিডিয়া টিম। শনিবার বিকেল ৪টার পরপরই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। হ্যাক হওয়ার কিছুক্ষণ পর, বিকেল সাড়ে ৪টার দিকে ওই অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর সাইবার দল তৎপর হয় এবং বিকেল ৫টার কিছু পরে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়। তাৎক্ষণিকভাবে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হয়।


এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানায় গিয়ে জিডি করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।


আজ রোববার বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, “এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গত রাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।”


জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অ্যাকাউন্টটি অল্প সময়ের জন্য হ্যাকড থাকলেও, সেই সুযোগে দেওয়া বিতর্কিত পোস্টটির স্ক্রিনশট ও কপি ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে। দলটির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার বন্ধ করা এবং হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থার দাবি জানানো হয়েছে।