ভালোবাসা দিবসে শাকিবকে নিয়ে বিশেষ কিছু মনে পড়ে না : অপু বিশ্বাস
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি এখন নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। রাজধানীর নিকেতনে তার নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’–এর প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঈদ ও ভালোবাসা দিবসের বিশেষ ছাড়সহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন তিনি।


অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদকে সামনে রেখে সবাই নিজেকে সুন্দরভাবে সাজাতে চান। সেই ভাবনা থেকেই তার পার্লারে ৩১ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট ৬০ শতাংশ ছাড় এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান।


ভালোবাসা দিবস প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ, ব্যবসা এবং দর্শকরা। তার ভাষায়, এখন তার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং নিজের ব্যবসাকে আরও এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য।


এ সময় এক প্রশ্নের জবাবে শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই বলেও জানান এই নায়িকা। তিনি বলেন, “ভালোবাসা দিবসে ওনাকে নিয়ে আমার কোনো আলাদা স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতিই সাধারণ হয়ে গেছে। বহুবার শুটিং সেটেই ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত।”


অনুষ্ঠানে দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি বলেন, রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা তার কাছে অতুলনীয়। এই ভালোবাসা সারাজীবন ধরে রাখতে চান তিনি এবং সবার কাছে দোয়া কামনা করেন।