ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আগামী শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) ২০২৬’-এর জাতীয় পর্ব। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই অলিম্পিয়াডের এটি অষ্টম আসর।
দেশব্যাপী তরুণ শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি শিক্ষার প্রসার এবং বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে। জাতীয় পর্বের আগে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
চূড়ান্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড—এই তিনটি বিভাগে অংশ নেবেন। প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের অর্থনৈতিক যুক্তি, তাত্ত্বিক জ্ঞান এবং সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হবে।
অনুষ্ঠানের দিন সকাল ৮টা ৩০ মিনিটে নিবন্ধনের মাধ্যমে অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হবে। বাছাই পরীক্ষা শেষে দুপুর ১১টা ৪৫ মিনিটে শুরু হবে মূল অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজনে অর্থনীতির পাশাপাশি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বিশেষ সেশন থাকবে। এতে পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিজিটাল ব্যাংকিং ও এসএমই ব্যাংকিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।
অনুষ্ঠান শেষে প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, যা দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ও চিন্তাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

