আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল লেকশোর গ্র্যান্ডের ‘লা ভিটা’ হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন দলটির শীর্ষ নেতারা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় ইশতেহার ঘোষণার এই চূড়ান্ত সময়সূচি জানানো হয়।
ইশতেহারে যা থাকছেঃ
দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে চারটি বিষয়কে ইশতেহারের মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে,
১. নারী অধিকার: রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতকরণ।
২. কর্মসংস্থান: শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা সহায়ক নীতি।
৩. শিক্ষানীতি: যুগোপযোগী ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রণয়ন।
৪. জলবায়ু: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই পরিকল্পনা।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন এনসিপি দেখে আসছে, তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা এই ইশতেহারে প্রতিফলিত হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে এনসিপি ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রতীক 'শাপলাকলি' নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে।

