দেশে বন্যপ্রাণী সংরক্ষণে সরকার একটি আলাদা উইং প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও মূল্যবোধ গড়ে তোলাও জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত একটি ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ ও পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত ও কৌশলগত সংরক্ষণ উদ্যোগ, যেখানে সরকার, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সব ধরনের প্রাণীর রেড লিস্ট হালনাগাদের মূল উদ্দেশ্য হলো ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা কমিয়ে আনা এবং সংরক্ষিত প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা। সেই লক্ষ্য অর্জন করা না গেলে শুধু তালিকা প্রণয়ন করাই অর্থহীন হয়ে দাঁড়াবে।
বন্যপ্রাণী সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবভিত্তিক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

