চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও রাজত্ব বাংলাদেশের মেয়েদের। প্রথমবারের মতো আয়োজিত 'সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ'-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিজয়ী বেশে দেশে ফিরছেন এই স্বর্ণকন্যারা। তাদের বরণ করে নিতে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।


বাফুফে সূত্রে জানা গেছে, সাফজয়ী নারী ফুটসাল দল আজ সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে তাদের অভ্যর্থনা জানানো হবে।


বিমানবন্দর থেকে সাবিনাদের সরাসরি নিয়ে আসা হবে রাজকীয় ছাদখোলা বাসে। বিজয় উল্লাস করতে করতে বাসে করে তাদের নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে। বাফুফে এবং ক্রীড়া প্রেমীদের পক্ষ থেকে পুরো পথজুড়ে থাকবে ফুলেল শুভেচ্ছা।


রাতে হাতিরঝিলে আয়োজিত হবে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান (গ্র্যান্ড রিসিপশন)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: ড. আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা, তাবিথ আউয়াল, সভাপতি, বাফুফে। এছাড়াও ক্রীড়া সচিবসহ দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।


অনুষ্ঠান শেষে ‘জলসিড়ি’তে হবে চ্যাম্পিয়নদের জন্য বিশেষ নৈশভোজ। এরপর রাতে গুলশানের একটি অভিজাত হোটেলে অবস্থান করবেন তারা।


সাতটি দেশের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ভুটান। দক্ষিণ এশিয়ার ফুটসালে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বাংলাদেশের মেয়েরা আবারও প্রমাণ করলেন যে, তারাই এই অঞ্চলের ফুটবলের রানি।