ফের রিটার্ন দাখিলের সময় বেড়েছে একমাস
ছবিঃ সংগৃহীত

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা তৃতীয় দফায় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই তাদের রিটার্ন জমা দিতে পারবেন।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এর আগে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের প্রকৃত শেষ সময় ছিল গত বছরের ৩০ নভেম্বর। তবে করদাতাদের সুবিধার্থে এবং অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় প্রস্তুতির সময় দিতে এনবিআর পর্যায়ক্রমে সময় বৃদ্ধি করেছে।


এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত দুটি কারণে এই সময় বাড়ানো হয়েছে: ১. আসন্ন নির্বাচনকে সামনে রেখে করদাতাদের বিশেষ সুবিধা প্রদান। ২. অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় অনেক করদাতার কারিগরি ও ব্যক্তিগত প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল।


এনবিআরের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা সফলভাবে অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। উল্লেখ্য যে, গত আগস্ট মাসে সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল।