শীতকালীন সবজি হিসেবে মূলার কদর সব মহলে। অনেকের কাছে এর গন্ধ অপ্রিয় হলেও পুষ্টিগুণের বিচারে মূলা একাই একশ। ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সবজিটি না খেলে আপনার শরীর বঞ্চিত হতে পারে চমৎকার সব স্বাস্থ্য সুবিধা থেকে।
পাকস্থলী ও হজমের সুরক্ষা মূলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের জন্য মূলা মহৌষধ। এটি অন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে।
লিভার ও কিডনি পরিষ্কার রাখে মূলা প্রাকৃতিক ‘ডিটক্সিফাইং এজেন্ট’ হিসেবে কাজ করে। এটি লিভার ও রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। জন্ডিস আক্রান্ত রোগীদের লিভার সচল রাখতেও এর ভূমিকা অপরিসীম।
ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণ প্রতি ১০০ গ্রাম মূলায় মাত্র ১৬ ক্যালোরি থাকে এবং এর ৯৫ শতাংশই পানি। ফলে যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি আদর্শ খাবার। এছাড়া এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস মূলায় থাকা অ্যান্থোসায়ানিন ও সালফোরাফেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস রোগীদের সুস্থ রাখতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ও ত্বকের যত্ন প্রচুর ভিটামিন সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং প্রদাহ দূর করে। এছাড়া ভিটামিন সি, জিঙ্ক ও ফসফরাস থাকায় নিয়মিত মূলা খেলে ত্বক উজ্জ্বল হয় এবং চুলের বৃদ্ধি ঘটে।
বিশেষ টিপস:
কাঁচা মূলায় ভিটামিন সি বেশি থাকে। তবে যাদের গ্যাস বা পেট ফাঁপার সমস্যা আছে, তারা রান্না করে খেলে সহজে হজম করতে পারবেন এবং ফাইবারের পূর্ণ সুবিধা পাবেন।

