অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই চুরির ঘটনা ঘটে।


সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।


নয়াদিল্লির ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স’ এই ভাস্কর্যটি উপহার হিসেবে দিয়েছিল। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, চোররা একটি সাদা ভ্যানগাড়িতে করে এসে চুরির ঘটনা ঘটায়। এ সময় তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। শক্তিশালী অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে ভাস্কর্যটি পায়ের গোড়ালি থেকে কেটে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটির মূল অংশ নেই, শুধু পায়ের পাতাগুলো ঘটনাস্থলে রয়ে গেছে।


ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের সদস্য সান্তোস কুমার জানিয়েছেন, ভবনের সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনার আংশিক দৃশ্য ধরা পড়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।


ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত শুরু করেছে। তারা স্থানীয় ভাঙা ব্রোঞ্জ ও মেটাল ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছে। যদি কেউ সন্দেহজনক ব্রোঞ্জ বা ভাস্কর্যের কোনো অংশ বিক্রি করতে আসে, তবে অবিলম্বে পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ২০২১ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত থেকে এই ভাস্কর্যটি উন্মোচন করেছিলেন। তবে স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটিতে একবার ভাঙচুর চালানো হয়েছিল। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভারতবিরোধী মনোভাব ও বিদ্বেষমূলক কার্যকলাপ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই এই বিশাল ভাস্কর্য চুরির ঘটনা স্থানীয় ভারতীয় কমিউনিটির মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।