এবার নিপা ভাইরাস আতঙ্কে ভারত, অনিশ্চয়তার মুখে টি-২০ বিশ্বকাপ
ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে ভারতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্ট ঘিরে এখন চরম উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি এই টুর্নামেন্ট আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পশ্চিমবঙ্গের অন্তত পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ইতিমধ্যে শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জরুরি স্বাস্থ্য প্রোটোকল ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করেছে রাজ্য সরকার।


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নতুন করে এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বকাপের লজিস্টিকস, আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং দলগুলোর সূচির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, ভাইরাসটি আরও ছড়িয়ে পড়লে, পরিবর্তন করা হতে পারে টুর্নামেন্টের সময়সূচি। কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে দলগুলোর চলাচলের ওপর। দর্শক উপস্থিতির বিষয়ে বড় ধরনের কড়াকড়ি নিয়ম আরোপ হতে পারে।


চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট প্রতিষেধক না থাকায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংক্রমণ বাড়লে টুর্নামেন্ট চলাকালীন কঠোর ‘বায়োসিকিউরিটি বাবল’ বা জৈব-সুরক্ষা বলয় আরোপ করা হতে পারে। এটি আন্তর্জাতিক দল ও বিদেশি সমর্থকদের জন্য বাড়তি মানসিক ও শারীরিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।


সূত্রের দাবি, বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কারণে বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যেই এক অনিশ্চিত ও চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বিসিসিআই পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। পরিস্থিতির উন্নতি না হলে টুর্নামেন্ট নিয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।