ভারত–রাশিয়ার বাণিজ্য চুক্তি: লক্ষ্য ১০ হাজার কোটি ডলার
ছবিঃ সংগৃহীত

আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। এ লক্ষ্যে গত বছর দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি বাণিজ্য চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।


রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও গত বছরটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


বিনয় কুমার বলেন, “গত বছর আমরা যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের একটি প্রস্তাব উপস্থাপন করি, সেটি অত্যন্ত সফল হয়। প্রেসিডেন্ট পুতিন আমাদের প্রস্তাবে সম্মতি দেন এবং ২০৩০ সালের মধ্যে ভারত–রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি চুক্তিতে দুই দেশের কর্মকর্তারা স্বাক্ষর করেন।”


তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী ইতোমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নতুন বাণিজ্যিক উপাদান যুক্ত হচ্ছে এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে মুক্ত বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


প্রসঙ্গত, ২০২৪–২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭০ কোটি ডলারে, যা দুই দেশের পারস্পরিক বাণিজ্যে একটি রেকর্ড। তবে এ বাণিজ্যের বড় একটি অংশই রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির সঙ্গে সংশ্লিষ্ট।


সাক্ষাৎকারে বিনয় কুমার আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়াতে গত দুই বছর ধরে ভারত ও রাশিয়া নিজ নিজ মুদ্রা— রুপি ও রুবল— ব্যবহার করে লেনদেন করছে। আগামী দিনগুলোতেও এই ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


উল্লেখ্য, গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করেন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের দীর্ঘদিনের মিত্রতা ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশ যৌথভাবে কাজ শুরু করেছে।