কদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কোখুস্কো চুল আর ময়লা পোশাকে এক ‘পাগলি’ লুকে ধরা দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সেই বিধ্বস্ত লুকের রেশ কাটতে না কাটতেই এবার চেনা ছন্দের গ্ল্যামারাস লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী।
ঝকঝকে লুকে নজরকাড়া উপস্থিতি সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন কেয়া পায়েল। যেখানে তাকে দেখা যায় একেবারে ভিন্ন আঙ্গিকে। পাথর বসানো নকশা করা একটি কালো বডি-ফিটিং গাউনে নিজেকে মেলে ধরেছেন তিনি। হাই পনিটেইল হেয়ারস্টাইল আর হালকা মেকআপে তার এই ‘বোল্ড’ লুক মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।
বিশ্বকাপ ট্রফি হাতে রহস্য প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিশ্বকাপ ট্রফির সঙ্গে তোলা একটি ছবি নিয়ে। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে যখন বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর জন্য আনা হয়েছিল, তখনই ছবিগুলো তোলা হয়েছিল। ট্রফি হাতে কেয়া পায়েলের এই আভিজাত্যপূর্ণ উপস্থিতি ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া অভিনেত্রীর এই নতুন রূপ দেখে মন্তব্যের ঘরে মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ তার গ্ল্যামারাস লুকের প্রশংসা করলেও অনেকের মনে এখনও গেঁথে আছে সেই ‘পাগলি লুক’। একজন মজা করে লিখেছেন, ‘পাগলি এই ড্রেস পাইলো কোথায়!’ অন্য একজন ট্রফি ও অভিনেত্রীর তুলনা করে লিখেছেন, ‘কালো ড্রেস পরা ট্রফিটা আমার’।
আসছে নতুন কাজ জানা গেছে, সেই আলোচিত ‘পাগলি লুক’-এর নাটকটির শুটিং নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। নাটকের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। পর্দার এই বৈচিত্র্যময় রূপ দেখার জন্য এখন মুখিয়ে আছেন কেয়া পায়েলের ভক্তরা।

