ঝালকাঠিতে বৃদ্ধা হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি সদরের পৌর খেয়াঘাট এলাকায়  নিলুফা বেগম নামে এক বৃদ্ধা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজল নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) রাতে শহরের নতুন চর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ সময় তার বাসার কাছেই বুট জুতার মধ্যে লুকিয়ে রাখা নিহত বৃদ্ধা নিলুফার ব্যবহৃত মোবাইল ফোন, নাক ও কানের দুল উদ্ধার করেছে পুলিশ।


এলাকাবাসী সুত্রে জানা যায়, স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতেই মোবাইল ফোনে ডেকে নিয়ে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে রাতভর ঘরের মধ্যে রেখে দেয়। পরে নিজের জড়িত থাকার প্রমাণ লোপাট করতে ভোরে পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর তীরে ফেলে ভুক্তভুগীর স্বজনদের সঙ্গে মিশে যায়। তাদের সঙ্গেই নিখোঁজ হওয়ার পর থেকে মরদেহ উদ্ধার পর্যন্ত খোঁজাখুজি করে। এমনকি গত এক সপ্তাহ ধরে ভুক্তভুগীর পরিবারের সঙ্গেই একত্রে কাটিয়েছে ঘাতক সজল। সুরতহালে নাকে রক্তের দাগ পাওয়া যায়। কানের দুল ও নাক ফুল নেয়ার জন্যই ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করে। মৃত বৃদ্ধার কানের দুল ও নাক ফুল উধাও ছিলো।

 

গ্রেফতারের পর নিহতের স্বজন ও এলাকাবাসী খুনি সজলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।


উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ভোরে ঝালকাঠি পৌর শহরের নতুনচর এলাকায় সুগন্ধা নদীর ঘাট থেকে নিলুফা ইয়াসমিন নামের মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।