৪০ কোটির প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন সুনীল শেঠি
ছবিঃ সংগৃহী

বলিউড অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি প্রকাশ করেছেন যে, প্রায় ৪০ কোটি রুপি মূল্যের একটি তামাক বিজ্ঞাপনের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। নিজের আদর্শ এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেন তিনি।


এক সাক্ষাৎকারে সুনীল জানান, “আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই আমাকে চলচ্চিত্র জগতে সুযোগ দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে নিজেই আমার ওপর অবিচার করব। আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব?” তিনি আরও বলেন, “আমি হয়তো সিনেমা বা বক্স অফিসে আর প্রাসঙ্গিক নই, কিন্তু আজও ১৭-২০ বছর বয়সীরা আমাকে সম্মান এবং ভালোবাসা দেয়।”


সুনীল শেঠি জানান, “আমাকে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তাদের বলেছিলাম, ‘আপনারা কি মনে করেন আমি এই চুক্তিতে রাজি হব? আমি হয়তো টাকা চাইব, কিন্তু না, আমি এমন কিছু করব না যা আহান, আথিয়া বা রাহুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ এরপর, কেউ আমার কাছে আসতে সাহস করেনি।”


বলিউডে তামাক বা পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমার এ ধরনের বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনা এবং আইনি জটিলতার মুখে পড়েছিলেন।