সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাবেক মেয়র মোশারফ মিয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়াকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে উজ্জল মিয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), ৮ রাউন্ড ৭.৬৫ লাইভ অ্যামুনিশন, একটি একনলা বন্দুকের ব্যারেল, অস্ত্র পরিষ্কারের ৫টি সামগ্রী, ৯টি পাসপোর্ট, ২টি সিসিটিভি ডিভিআর, ২টি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি নোকিয়া বাটন ফোন এবং একটি আইফোন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উজ্জল মিয়াকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো অবৈধ হওয়ায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত একাধিক পাসপোর্ট ও ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে কোনো সংগঠিত অপরাধচক্র বা নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

