ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তি হলেন বাদল সরকার (৫২)। তিনি ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে এবং পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি। গ্রেপ্তারের পর শনিবার (২৪ জানুয়ারি) সকালে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও মধুখালী থানা পুলিশের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গ্রেপ্তার বাদল সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার, হ্যাকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প সূত্র জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে এসব অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্ত ও অপরাধীদের কাছে সরবরাহ করতেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র আরও জানায়, গ্রেপ্তার বাদল সরকারের বিরুদ্ধে আগেও অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন। অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ তাকে আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সেনা ক্যাম্প সূত্র আরোও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

