ছবিঃ বিপ্লবী বার্তা
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২), হেলপার রাশেদ (৩০)। প্রাথমিকভাবে তার বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যান। পরে দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার মারা যান।
দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবাই বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, মুখোমুখি সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুজনই ট্রাকে ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

