ময়মনসিংহে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ
ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের মুক্তাগাছায় সেনা প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ দরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।


আজ শুক্রবার সকালে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজ মাঠে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ২৫০ জন গরীব ও দুস্থ চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এরপর ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


প্রতি বছরের ন্যায় এ বছরও ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। স্থানীয়রা চিকিৎসা সেবা, ঔষুধ, চশমা এবং শীতবস্ত্র উপহার পেয়ে আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এসময় ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামন্স উদ্দীন মুহাম্মদ মঈন, এসজিপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল অফিসার কমান্ডিং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।